জেলা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৬, ০৪:০২ পিএম
নেত্রকোনান সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৮টি ভারতীয় কম্বল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত কম্বলগুলোর সিজার মূল্য দুই লাখ ৪০ হাজার টাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নেত্রকোনা-৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরআগে, গতকাল সোমবার বিকেল ও রাতে জেলার কলমাকান্দা সীমান্তের লেংগুড়া ও দুর্গাপুরের বিজয়পুর বিওপির টহল দল এসব কম্বল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার বিকেল চারটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেংগুড়া বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১১৭০/৩-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টকলেটবাড়ী এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় আটটি ভারতীয় কম্বল জব্দ করা হয়। এসব কম্বলের সিজার মূল্য ৪০ হাজার টাকা।
একই দিন রাত ১০টার দিকে বিজয়পুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৪৮ এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রেমবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় আরও ৪০টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। এসব কম্বলের সিজার মূল্য ২ লাখ টাকা।
বিজিবি অধিনায়ক জানান, জব্দ করা কম্বলগুলো নেত্রকোনা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এসআই