Dhaka Mail Logo

সারাদেশ

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ব্যবসায়ীকে জরিমানা

জেলা প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম

ফেনী সদর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ও নিষিদ্ধ উপকরণ ব্যবহার করে খাদ্য উৎপাদনের অভিযোগে তিনটি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলা প্রশাসন, ফেনী সদর এবং জেলা নিরাপদ খাদ্য অফিস, ফেনীর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে দই উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘বগুড়ার দই’-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর অধীনে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে ও নিষিদ্ধ পণ্য ব্যবহার করে খাদ্য উৎপাদনের দায়ে একই আইনে ব্যবসায়ী নীরব ঘোষ ও শুভাষ ঘোষ-এর বিরুদ্ধে দুটি পৃথক মামলায় ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মুহাম্মদ শামসুল আরেফিন বলেন, খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে