Dhaka Mail Logo

সারাদেশ

সিরাজগঞ্জে ফেনসিডিল মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম

সিরাজগঞ্জে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৩০ বোতল ফেনসিডিল বহনের মামলায় ট্রাকচালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আবু খান শাহীন কনক এ রায় দেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আনিছুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

61fc56c2-0ddc-4021-b8a7-a72aaa99e524

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নাটোরের বাগাতিপাড়া থানার কাঁকাকা নতুনপাড়া এলাকার আতোয়ার হোসেনের ছেলে ট্রাকচালক মো. রাসেল মিয়া (৩২) এবং একই এলাকার মো. সিরাজ সরকারের ছেলে ট্রাকের সহকারী মো. আনোয়ার হোসেন (৩০)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে আটক করা হয়।

পরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার তৎকালীন উপপরিদর্শক (এএসআই) মো. জিয়াউর রহমান বাদী হয়ে ১৯৭৪ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ শেষে মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে আদালত এ রায় দেন।

প্রতিনিধি/এসএস