জেলা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মেহেরপুর জেলায় মানবিক বিভাগ থেকে সর্বোচ্চ নম্বর পেয়েছেন কামরুন্নাহার নেহা। ১ হাজার ৩০০ নম্বরের মধ্যে তিনি পেয়েছেন ১ হাজার ১২৫ নম্বর। তিনি গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী।
নেহার বাবা কোরবান আলী একই প্রতিষ্ঠানের কলেজ শাখার অফিস সহকারী কাম হিসাব সহকারী। তার মা মালেকা খাতুন প্রতিষ্ঠানটির স্কুল শাখার সরকারি শিক্ষিকা।
শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবার সূত্রে জানা যায়, নেহা শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী ও পরিশ্রমী। নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং শিক্ষকদের দিকনির্দেশনা তার এ সাফল্যে ভূমিকা রেখেছে।
নিজের সাফল্যের অনুভূতি জানিয়ে নেহা বলেন, নিয়মিত অধ্যবসায় ও শিক্ষকদের পরামর্শ তাকে এ অবস্থানে পৌঁছাতে সহায়তা করেছে। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে চান তিনি। এ সাফল্যের জন্য বাবা-মা ও শিক্ষকদের অবদানের কথা স্মরণ করে সবার কাছে দোয়া চেয়েছেন নেহা।
নেহার এ ফলে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্য এবং স্থানীয় বিশিষ্টজনেরা তাকে অভিনন্দন জানিয়েছেন। তার সাফল্যে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি গাংনী এবং মেহেরপুরের মানুষও আনন্দিত।
প্রতিনিধি/এসএস