Dhaka Mail Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৮০ বস্তা সার জব্দ, ডিলারের ডিলারশিপ বাতিলের নির্দেশ

জেলা প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২৬, ১২:২২ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় কৃষকদের জন্য বরাদ্দ করা ডিএপি সার অবৈধভাবে পাচারের সময় এক বিসিআইসি সার ডিলার ও এক নসিমনচালককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ৮০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়।

অভিযানে মেসার্স নিরাপদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সার ডিলার গোলাম শাহনেওয়াজকে (৪৫) এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। সার পরিবহনে জড়িত নসিমনচালক মো. মতিনকে (৪৮) সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন

ফেনীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২৪, ইয়াবা ও মদ জব্দ

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামানের প্রসিকিউশনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. একরামুল হক নাহিদ। আদালতে অভিযুক্ত ব্যক্তিরা দোষ স্বীকার করলে তাদের এ দণ্ড দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. একরামুল হক নাহিদ জানান, জব্দ করা ৮০ বস্তা সার সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। পরে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার শর্তে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. পারভেজ আলীর জিম্মায় দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্ত ডিলার গোলাম শাহনেওয়াজের বিসিআইসি ডিলারশিপ বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা কৃষি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে অবৈধ সার পাচার ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস