জেলা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ এএম
কুমিল্লার দেবীদ্বারে মায়ের সঙ্গে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মোসা. মিনহা (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বেলা দুইটার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার ছোটশালঘর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। মিনহা কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বারানি গ্রামের মো. মনিরুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ মিনহাকে নিয়ে তার মা জুলেখা আক্তার দেবীদ্বারের ছোটশালঘরে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। সোমবার সকালে মেয়েকে চিকিৎসক দেখাতে দেবীদ্বারে নিয়ে যান তিনি। চিকিৎসা শেষে ফেরার পথে ছোটশালঘর বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামেন তারা। এ সময় মিনহা দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করলে সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে মায়ের সামনেই শিশুটির মৃত্যু হয়।
চোখের সামনে মেয়ের এমন মৃত্যুতে শোকে ভেঙে পড়েন মা জুলেখা আক্তার। তার আহাজারিতে ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
খবর পেয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ থানায় নেওয়া হয়।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস