জেলা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৬, ০৮:০২ এএম
নড়াইল সদর উপজেলায় গাঁজা ও ইয়াবাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত।
সোমবার (২ নভেম্বর) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নড়াইল কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নড়াইল সদরের ডুমুরতলার মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. খায়রুজ্জামান অভি (২৯), চণ্ডিবরপুরের আব্দুল মান্নান মোল্যার ছেলে মো. আমিনুর রহমান (২৯), মুসুরুয়ার গোপাল মল্লিকের ছেলে পলাশ মল্লিক (৩২) এবং কুড়িগ্রামের দুলাল চন্দ্র দাসের ছেলে প্রশান্ত কুমার দাস (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার ডুমুরতলা, চণ্ডিবরপুর ও কুড়িগ্রাম এলাকায় অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় ডুমুরতলা থেকে ২০ গ্রাম গাঁজাসহ খায়রুজ্জামানকে, চণ্ডিবরপুর থেকে ৩০টি ইয়াবাসহ আমিনুরকে এবং কুড়িগ্রাম থেকে ১টি ইয়াবাসহ পলাশ ও ৯টি ইয়াবাসহ প্রশান্তকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল শেখ তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। খায়রুজ্জামানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, আমিনুর রহমানকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৮০০ টাকা জরিমানা, পলাশ মল্লিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং প্রশান্ত কুমার দাসকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা জরিমানা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের উপপরিচালক গোলক মজুমদার জানান, গাঁজা ও ইয়াবাসহ চারজনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস