Dhaka Mail Logo

সারাদেশ

শরীয়তপুরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগে স্বামী আটক

জেলা প্রতিনিধি

০৩ নভেম্বর ২০২৬, ০১:৫৫ এএম

শরীয়তপুরের ডামুড্যায় লামিয়া বৃষ্টি (১৯) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী রবিউল ছৈয়ালকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের কনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে লামিয়া ও রবিউলের বিয়ে হয়। বিয়ের পর থেকেই রবিউলের মাদক সেবন ও কারবার নিয়ে তাদের মধ্যে প্রায়ই বিরোধ হতো। সর্বশেষ এক সপ্তাহ আগে মাদক সেবন ও বিক্রি বন্ধ করতে স্বামীকে বলেন লামিয়া। অন্যথায় তাকে তালাক দেওয়ার কথা জানিয়ে বাবার বাড়িতে চলে যান তিনি।

সোমবার পারিবারিক বিরোধ মীমাংসার কথা বলে লামিয়াকে স্বামীর বাড়িতে ডেকে নেওয়া হয়। পরে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। সালিশ শেষে পরিবারের অন্য সদস্যরা চলে যাওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লামিয়াকে পাশের বাড়ির একটি ডোবার কাছে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে সেখানে ফেলে রেখে রবিউল পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

পরে লামিয়ার ছোট ভাই ওবায়দুল মাদবর তাকে খুঁজতে গিয়ে ডোবায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের মা শাহিদা আক্তার অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই রবিউল মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে প্রতিবাদ করায় প্রায়ই তার মেয়েকে মারধর করতেন। বিষয়টি নিয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। সর্বশেষ এক সপ্তাহ আগে স্বামীকে তালাক দেওয়ার কথা বলে লামিয়া বাবার বাড়িতে চলে আসেন। সোমবার বিরোধ মীমাংসার কথা বলে তাকে ডেকে নেওয়া হয়। সালিশ শেষে তারা বাড়ি ফিরে আসার কিছুক্ষণ পর মেয়ের গলাকাটার খবর পান। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও মেয়ের হত্যার বিচার দাবি করেন।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পরপরই মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্ত রবিউলকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এএইচ