জেলা প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২৬, ১২:১৭ এএম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের গোলচত্বরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের ব্যবসায়ী শাহাদাত সরকারের ছেলে কলেজ শিক্ষার্থী স্বাধীন হোসেন সরকার (২০) এবং ভাঙ্গা পৌর সদরের হাজরাটি গ্রামের দুলাল কাজীর ছেলে এজাজুল কাজী (২০)। এজাজুল পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
অন্যদিকে দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন- ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের শওকত খানের ছেলে রাজন খান এবং জিয়াকুলি গ্রামের রহমান মাতুব্বরের ছেলে নাসিম মাতুব্বর (২০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, হতাহত যুবকরা নিজ নিজ মোটরসাইকেলে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে গোলচত্বর এলাকায় ঘুরতে এসেছিলেন। এক্সপ্রেসওয়ের খুলনা লেনে স্বাধীনের মোটরসাইকেলটি জিয়াকুলির দিকে যাচ্ছিল।
এসময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা রাজনের মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই স্বাধীন ও এজাজুল মারা যান এবং সঙ্গে থাকা অপর দুজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক গুরুতর আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, ‘মাত্রাতিরক্ত গতিতে বাইক চালানো এবং একটি মোটরসাইকেল ভুল দিক দিয়ে আসার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।’
ওসি আরও জানান, ‘মরদেহগুলো রাত ৯টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ থেকে অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
প্রতিনিধি/এএইচ