Dhaka Mail Logo

সারাদেশ

স্বামীর করা অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নার্স তানিয়া

জেলা প্রতিনিধি

০২ নভেম্বর ২০২৬, ১০:১৭ পিএম

রাজবাড়ীতে স্বামীর করা অর্থ আত্মসাতের মামলায় তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 

সোমবার (২ নভেম্বর) রাজবাড়ী সদর আমলি আদালতের বিচারক ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী আসামির জামিন নাকচ করে এই নির্দেশ দেন। 

বাদীপক্ষের আইনজীবী শেখ মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাগারে যাওয়া তানিয়া খাতুন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর গ্রামের মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে পারিবারিক সম্মতিতে তানিয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের সময় স্বামীর পরিবার থেকে তাকে স্বর্ণালংকার ও বিভিন্ন মূল্যবান উপহার সামগ্রী দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, গত ২০২৫ সালের ২১ সেপ্টেম্বর স্বামী মো. সাখাওয়াত হোসেন ব্যাংকে জমানোর জন্য ৬ লাখ টাকা দেন তানিয়ার হাতে। কিন্তু সেই টাকা ব্যাংকে জমা না দিয়ে কৌশলে আত্মসাৎ করে পালিয়ে যান তানিয়া। এই ঘটনায় স্বামী সাখাওয়াত হোসেন ২০২৬ সালের ২৬ জানুয়ারি রাজবাড়ী সদর আমলি আদালতে অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা করেন।

আদালত মামলাটি তদন্তের জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন। পুলিশ তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ার মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

আইনজীবীরা জানান, এর আগে তানিয়া আদালতে আপোসের শর্তে জামিনের আবেদন করলে বিচারক তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন। তবে বাদী ও আসামিপক্ষের আইনজীবীদের পাশাপাশি লিগ্যাল এইডের মাধ্যমে একাধিকবার আপস-মীমাংসার চেষ্টা করা হলেও আসামি বাদীর সঙ্গে সংসার করতে রাজি হননি এবং মীমাংসা কার্যকর হয়নি।

সোমবার (২ নভেম্বর) আদালতে উপস্থিত হয়ে তানিয়া আবার জামিনের প্রার্থনা করলে বিচারক তার জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বাদী মো. সাখাওয়াত হোসেন বলেন, পারিবারিক ও সামাজিকভাবে সুন্দর একটি সংসারের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু বিয়ের পর থেকেই নানা অশান্তি ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের অনেক চেষ্টা করেও কোনো সুরাহা না পেয়ে বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছি। আদালতের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে এবং আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।

এর আগে স্বামী মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে একটি মামলা করেছিলেন তানিয়া। ওই মামলায় ১৬ দিন কারাভোগের পর তিনি জামিনে মুক্তি পান, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

প্রতিনিধি/এলএ