Dhaka Mail Logo

সারাদেশ

মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধে হামলায় যুবক নিহত

জেলা প্রতিনিধি

০২ নভেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীর আলম (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ময়নুল হক (২৮) নামের একজনকে করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) মধ্যরাত ২টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় জাহাঙ্গীরের।

সোমবার (২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন।

এর আগে রোববার বিকালে কমলগঞ্জ পৌর এলাকার বড়গাছ গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর ওই গ্রামের উম্মর মিয়ার ছেলে। তিনি শুভ নামে ১৪ মাস বয়সি এক ছেলের বাবা। এ ঘটনায় নিহতের বড় ভাই জহিরুল ইসলাম জসিম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানান, উপজেলার রামপাশা গ্রামের দুলা মাস্টারের লন্ডন প্রবাসী ছেলে রিপন আহমেদের জমি বিক্রিকে কেন্দ্র করে মধ্যস্থতাকারী জহিরুলের সঙ্গে একই গ্রামের মাহমুদ মিয়া, মামুন মিয়া ও ময়নুলের বিরোধ তৈরি হয়। তারা তিনজন আপন ভাই। 

রোববার বিকেলে জাহাঙ্গীরের চাচাতো ভাই মো. সাহেল জমি কেনার জন্য দুই ব্যক্তিকে সঙ্গে নিয়ে আসেন। এ বিষয়ে কথা বলার জন্য তিনি জাহাঙ্গীরের বড় ভাই জহিরুলকে ডেকে আনেন। তিনি সেখানে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন জমি বিক্রিতে বাধা দেন। বাগবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন জহিরুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন এবং দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।

জানা গেছে, ভাইয়ের ওপর হামলার খবর পেয়ে জাহাঙ্গীর ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও মাথায় প্রচণ্ড আঘাত করে জখম করা হয়। পরে তাদের প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে সিলেট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মধ্যরাতে মৃত্যু হয় জাহাঙ্গীরের।

নিহতের চাচা সুন্দর আলীর অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। হামলায় ব্যবহৃত দা ও লাঠি আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল। মামুন, মাহমুদ ও ময়নুল এই তিন ভাই এবং তাদের ভাগ্নে সামি ও ভগ্নিপতি খয়ের মিলে আমার ভাতিজাদের ওপর অতর্কিত হামলা চালায়।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে ময়নুলকে আটক করা হয়েছে। বাকিরা আত্মগোপনে আছেন। আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এএইচ