Dhaka Mail Logo

সারাদেশ

নেত্রকোনার ধনু নদে অবৈধ বালু তোলায় একজনের জরিমানা

জেলা প্রতিনিধি

০২ নভেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদ থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে মো. আনোয়ার হোসেন নামে একজনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার চাকুয়া ইউনিয়নের আসাদপুর এলাকায় ধনু নদে অভিযান চালিয়ে বালু তোলার সময় তাকে আটক করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দেড় লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান।

জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য তাকে সতর্ক করা হয়।

দণ্ডপ্রাপ্ত আনোয়ার হোসেন উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নূরালীপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে ধনু নদের বিভিন্ন স্থানে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু তুলছে একটি চক্র। এ কাজে স্থানীয় কয়েকজনও জড়িত বলে অভিযোগ রয়েছে। স্থানীয় একটি চক্রকে অর্থ দিয়ে ম্যানেজ করে বালু তোলা হচ্ছে। এতে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে। নূরালীপুরসহ নদীর তীরবর্তী কয়েকটি গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি ইতোমধ্যে নদীতে তলিয়ে গেছে। অনেকে হারিয়েছেন তাদের কৃষিজমিও।

ইউএনও অলিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান চলবে।

প্রতিনিধি/এলএ