জেলা প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম
ফেনীর দাগনভূঞায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বাসায় ডাকাতির চেষ্টাকালে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার দাগনভূঞা দক্ষিণ বাজার কামরুলের দোকান এলাকায় থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার দুর্গাবতী গ্রামের মৃত নুরুদ্দিনের ছেলে মোহাম্মদ গিয়াস উদ্দিন (৫২), মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খালাপাড়া গ্রামের মন্টু সরকারের ছেলে গোপাল সরকার (৪৫), মাদারীপুরের পলোগ্রাম উপজেলার কুলিয়া গ্রামের কালাই হাওলাদারের ছেলে ইউসুফ হাওলাদার (৪০) ও মাদারীপুরের মাউনসি গ্রামের নুরুদ্দিনের ছেলে মো. রেজাউল (৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরার কারণে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে দড়ি দিয়ে বেঁধে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টার কথা স্বীকার করেন বলে দাবি স্থানীয়দের। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
দাগনভূঞা থানা ওসি মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিনিধি/এসআই