জেলা প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম
রাসায়নিক ব্যবহার করে কদবেল পাকানোর দায়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় বাজার এলাকার টুকু ফল ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় প্রতিষ্ঠানটির দুই বস্তা রাসায়নিক মিশ্রিত কদবেল জনসমক্ষে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানে ফল ও মাংসের বাজার তদারকি করা হয়। এ সময় রাসায়নিক ব্যবহার করে কদবেল পাকানোর কারণে মাথাভাঙ্গা সেতুসংলগ্ন ফলপট্টিতে টুকু মিয়ার প্রতিষ্ঠান ‘টুকু ফল ভান্ডার’কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে দুই বস্তা রাসায়নিক মিশ্রিত কদবেল জনসমক্ষে ধ্বংস করা হয়।
তিনি আরও জানান, ফল ব্যবসায়ীদের ক্ষতিকর রাসায়নিক ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া নিচের বাজারের মাংস ব্যবসায়ীদের সঠিক ওজনে মাংস ক্রয়-বিক্রয় এবং পরিচ্ছন্ন পরিবেশে মাংস প্রক্রিয়াকরণের নির্দেশনা দেওয়া হয়।
সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহিনুজ্জামান, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান ও সদর থানা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসআই