Dhaka Mail Logo

সারাদেশ

ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, প্রাণ গেল সহকারীর

জেলা প্রতিনিধি

০২ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় মো. মিলন (২০) নামের এক চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকসহ দুজন আহত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার মঈন উদ্দিন ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিলন পেছনের ট্রাকটির চালকের সহকারী ছিলেন। আহত দুজন হলেন ট্রাকচালক মানিক (৩৫) ও অপর সহকারী বিল্লাল (৩৭)।

পুলিশ সূত্রে জানা যায়, ভোরে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে একটি ট্রাক হঠাৎ ব্রেক করে। এ সময় পেছন থেকে আসা আরেকটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। চালক ও দুই সহকারী কেবিনে আটকা পড়েন। ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ও বারইয়ারহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ জয়নুল আবেদীন তিতাস বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা হাইওয়ে পুলিশের সহায়তায় কেবিনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করেন। আহত দুজনকে প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মিলনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এআর