জেলা প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৬, ০৫:০০ পিএম
চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় একটি লেগুনার চালকের আসনের নিচ থেকে একটি এলজি ও একটি কার্তুজসহ মো. মিজানুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি গাড়ি জব্দ হয়। তবে তার সহযোগী নিজাম উদ্দিন পালিয়ে গেছেন।
সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর ও পশ্চিম) কাজী মো. আব্দুর রহিম।
তিনি জানান, রোববার (১ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে বায়েজিদ বোস্তামি থানার টেক্সটাইল এম আলম গ্যাস স্টেশনের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। অস্ত্র ও গুলি কেনাবেচা করার খবর পেয়ে সেখানে অভিযান চালালে একটি লেগুনায় থাকা দুজন পালানোর চেষ্টা করে। এ সময় মিজানুর রহমানকে গ্রেফতার করা হলেও তার সহযোগী নিজাম উদ্দিন পালিয়ে যায়।
পরে মিজানুর রহমানের দেখানো মতে লেগুনার চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগ থেকে দেশীয় তৈরি এলজি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে অস্ত্র পরিবহনে ব্যবহৃত লেগুনাটিও জব্দ করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতার মিজানুর রহমান ও পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।
প্রতিনিধি/এসআই