জেলা প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পিএম
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সোমবার রাত ১টার দিকে কক্সবাজারের টেকনাফ থানার বড়ইতলি সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এসময় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে ইয়াবা পাচারে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবা ও সিএনজির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
প্রতিনিধি/এএইচ