Dhaka Mail Logo

সারাদেশ

নেত্রকোনায় গর্তের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

০২ নভেম্বর ২০২৬, ০৩:০০ পিএম

নেত্রকোনার কলমাকান্দায় বাড়ির সামনের গর্তের পানিতে ডুবে হুমাইরা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের টেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হুমাইরা ওই গ্রামের আলম মিয়ার মেয়ে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সকালে শিশুটির মা পারিবারিক কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার অজান্তে বাড়ির সামনের একটি গর্তের পানিতে পড়ে যায় হুমাইরা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে গর্তের পানি থেকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শামসাদ সারওয়ার শামিন তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক শামসাদ সারওয়ার শামিন বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, শিশুদের নিরাপত্তার বিষয়ে পরিবারের সদস্যদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে শিশুমৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় এ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে।

প্রতিনিধি/এসএস