জেলা প্রতিনিধি
০২ নভেম্বর ২০২৬, ১১:০৫ এএম
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হালিউড়া গ্রামে সরকারি প্রকল্পের আওতায় নির্মিত রাস্তার ইটের সলিং তুলে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, কাবিখা প্রকল্পের ১২ মেট্রিক টন চাল বিক্রির অর্থ দিয়ে রাস্তার ইটের সলিংয়ের কাজ করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ও প্রকল্প সভাপতি সাইমন হাসান ঝুমন ভুঁইয়া। সম্প্রতি কাজ শেষ হওয়ার পর রাস্তা থেকে সলিংয়ের ইট তুলে ফেলে দুর্বৃত্তরা।
এ ঘটনার প্রতিবাদে রোববার (১ নভেম্বর) মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী।
মানববন্ধন শেষে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী আব্দুস সাত্তার, খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলি, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ হোসেন, খারুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান সোহেল এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা ও প্রকল্প সভাপতি সাইমন হাসান ঝুমন ভূঁইয়াসহ স্থানীয় নেতারা।
বক্তারা জানান, রাজাবাড়িয়া-খারুয়া সড়ক থেকে হালিউড়া দারুল কোরআন কওমি মাদ্রাসা ও এতিমখানার ঈদগাহ মাঠ পর্যন্ত গ্রামীণ রাস্তাটি প্রায় ৪০ বছর আগে নির্মিত হয়। কয়েকটি গ্রামের মানুষের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কওমি মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীরা প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচল করেন।

দীর্ঘদিন অবহেলিত থাকার পর তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরে টিআর-কাবিখা প্রকল্পের আওতায় রাস্তাটিতে ইটের সলিং করা হয়। প্রকল্প সভাপতি সাইমন হাসান ঝুমন ভুঁইয়া কয়েকদিন আগে কাজটি শেষ করেন। তবে কাজ শেষ হওয়ার পরপরই দুর্বৃত্তরা রাস্তার সলিংয়ের ইট তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন বক্তারা।
এতে স্থানীয় মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে উল্লেখ করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক বলেন, ঘটনাটি জানার পর নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি গুরুত্বসহকারে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, রাস্তার ইট তুলে নেওয়ার ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/এসএস