জেলা প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে গাঁজা সেবনের সময় শরিফুল ইসলাম (৪০) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। দণ্ডপ্রাপ্ত শরিফুল ইসলাম গাড়াডোব গ্রামের দিরাজ উদ্দীনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এক ব্যক্তি মাদক সেবন করছেন-এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় মাদক সেবনরত অবস্থায় শরিফুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। তার নিকট থেকে মাদক সেবনের আলামত হিসেবে কিছু পরিমাণ গাঁজা, একটি কাঁচি, একটি গ্যাসলাইট ও গাঁজা সেবনের একটি কল্কি জব্দ করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় শরিফুল ইসলামকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রায় ঘোষণার পর জব্দ করা মাদকের আলামত জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
প্রতিনিধি/এজে