Dhaka Mail Logo

সারাদেশ

গাইবান্ধায় ২৫ হাজার লিটার গ্যাস জব্দ, ৩ জনের কারাদণ্ড 

জেলা প্রতিনিধি

০১ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম

গাইবান্ধায় অনুমোদনহীনভাবে গ্যাস মজুত ও বিক্রির অভিযোগে দুটি এলপিজি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ২৫ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি প্রতিষ্ঠানের মালিক ও দুই কর্মচারীকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।

গাইবান্ধার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ এম এস ফিলিং স্টেশন (এলপিজি) নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালান। সেখানে অবৈধভাবে ১৩ হাজার লিটার গ্যাস মজুতের দায়ে প্রতিষ্ঠানের মালিক মনিরুজ্জামানকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস শাহাদাত ফাহিম গাইবান্ধা এলপিজি ফিলিং স্টেশন (ওমেরা অটো গ্যাস) নামের অন্য একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন। এ সময় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১২ হাজার লিটার গ্যাস জব্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, অবৈধভাবে গ্যাস মজুত রোধ ও জনসচেতনতা তৈরিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/ এজে