Dhaka Mail Logo

সারাদেশ

মেহেরপুরে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

জেলা প্রতিনিধি

০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ৩২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​রোববার (১ নভেম্বর) দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত এলাকার নাগারবিল থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা এসব স্বর্ণের ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

​চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

​আটককৃতরা হলেন- মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মো. আসাদুল (৫০) এবং একই এলাকার মাদারের ছেলে মো. জুয়েল হোসেন (৩০)।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, নাজিরাকোনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১০-এর প্রায় ৭০০ গজ অভ্যন্তরে নাগারবিল দিয়ে স্বর্ণ পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় হাবিলদার মো. শামীমুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

​দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে সন্দেহভাজন দুই ব্যক্তিকে একটি ব্যাগসহ সীমান্তের দিকে যেতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় তারা ব্যাগটি ফেলে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

​এ বিষয়ে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালানমুক্ত সীমান্ত নিশ্চিত করতে বিজিবি সবসময় সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও চোরাচালান দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

​তিনি আরও জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের মুজিবনগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এজে