Dhaka Mail Logo

সারাদেশ

সাভারের ৫০টি কারখানা ছুটি ঘোষণা

জেলা প্রতিনিধি

০১ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পিএম

ন্যূনতম মজুরি নির্ধারণসহ অন্যান্য দাবিতে তৈরি পোশাক শ্রমিকদের আন্দোলনের মধ্যে ঢাকার হেমায়াতপুর শিল্পাঞ্চলের ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

রোববার (১ নভেম্বর) সকাল থেকে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার অধিকাংশ কারখানায় পরিস্থিতি স্বাভাবিক ছিল। নির্ধারিত সময়ে কাজে যোগ দেন শ্রমিকেরা। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন একদল শ্রমিক। এ সময় একেএইচ গ্রুপের কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি বিবেচনায় পরে কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

বিক্ষোভের সময় ঘটনাস্থলে ভিডিও ধারণ করতে গেলে গণমাধ্যমকর্মীসহ কয়েকজনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তাদের মুঠোফোন কেড়ে নেওয়া হয় বলেও জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ার বিভিন্ন কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভের ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে শিল্পাঞ্চলের ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের সাধারণ সম্পাদক আহমেদ জীবন বলেন, শ্রমিকেরা তিনটি প্রধান দাবি নিয়ে আন্দোলন করছেন। এর মধ্যে অন্যতম হলো ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ। এ বিষয়ে রোববার মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এরপর শ্রমিকেরা আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকাল থেকেই আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছিলেন। পরে গাজীপুরের আন্দোলনকারীরা আশুলিয়ার কয়েকটি এলাকায় এসে বিক্ষোভে অংশ নেন। নিরাপত্তার স্বার্থে ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিকেলে সাভারের হেমায়েতপুরে একেএইচ কারখানার সামনে একদল শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ ও ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতিনিধি/ এজে