জেলা প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পিএম
নেত্রকোনায় অক্টোবর মাসে সীমান্ত এলাকায় ১৪২টি অভিযান চালিয়ে ১ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ২১৬ টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দ মালামালের মধ্যে রয়েছে ৪৫৭ বোতল ভারতীয় মদ, ২৬টি ভারতীয় গরু ও বিপুল পরিমাণ অন্যান্য চোরাচালানি পণ্য।
এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে একজন মানব পাচারকারী ও দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) নেত্রকোনা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ বিভিন্ন বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে। অভিযানে জব্দ করা মালামালের সিজার মূল্য ১ কোটি ১৩ লাখ ৬৩ হাজার ২১৬ টাকা।
জব্দ মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য চোরাচালানি পণ্য নেত্রকোনা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে একজন মানব পাচারকারী ও দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। পরে তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় গত ১০ অক্টোবর দুর্গাপুর থানায় একটি মামলা হয়েছে।
বিজিবি অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবি। চোরাচালানি পণ্য আটকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এলএ