জেলা প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম
নাটোরের নলডাঙ্গা উপজেলায় দাঁড়িয়ে আছে তিনতলা বিশিষ্ট ৫০ শয্যার আধুনিক হাসপাতালটি। উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতে বিলাঞ্চলের মানুষের জন্য ২০১৮ সালে হাসপাতালটি নির্মাণ করা হয়।
কিন্তু দীর্ঘ ৫ বছর পেঁরিয়ে গেলেও পর্যাপ্ত চিকিৎসক না থাকায় কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাচ্ছে না রোগীরা। এতে করে বেশিরভাগ বেডই রোগীশূন্য অবস্থায় পড়ে থাকছে বছরের পর বছর।
হাসপাতালে ২৪ জন চিকিৎসকের প্রয়োজন হলেও আছে মাত্র ১১ জন। ঘাটতি রয়েছে নার্স, ফার্মাসিস্ট, টেকনিশিয়ান, মেডিকেল টেকনোলজিস্ট এবং নিরাপত্তা কর্মীরও। ১৩ কর্মচারীর জায়গায় রয়েছেন মাত্র একজন, নার্স রয়েছেন ১১ জন এবং মাত্র তিনজন মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে চলছে পুরো হাসপাতাল।
শুধু কাগজে-কলমে আধুনিক হাসপাতাল থাকলেও বাস্তবে নেই পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা। ফলে উন্নত স্বাস্থ্যসেবার জন্য রোগীদের যেতে হয় জেলা ও বিভাগীয় শহরের হাসপাতালে। এতে নানা বিড়ম্বনায় পড়তে হয় চিকিৎসা নিতে যাওয়া রোগী ও তাদের স্বজনদের। ফলে কোটি টাকার হাসপাতালে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৮ সালে তিন একর জমির উপর ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ৫০ শয্যার আধুনিক ভবন নির্মাণের কাজ। ২০২১ সালে নির্মাণাধীন ঠিকাদার প্রতিষ্ঠান হাসপাতালটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
উদ্বোধনের পর বহির্বিভাগে স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হলেও আধুনিক স্বাস্থ্যসেবা চালু হয়নি। প্রতিদিন বহির্বিভাগে ২০০-২৫০ জন রোগী চিকিৎসাসেবা নিতে আসেন। হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি থাকছেন ২০ থেকে ২৫ জন রোগী। তবে শীতকালে রোগীদের চাপ বেশি বাড়ায় স্বাস্থ্যসেবা দিতে কিছুটা হিমশিম খেতে হয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের।
দুই বছরের শিশুর জ্বর নিয়ে হাসপাতালে আসা মা রেখা খাতুন বলেন, দুই দিন ধরে ছেলের জ্বর-সর্দি না কমায় সকালে হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছি। এসে দেখি রোগীদের অনেক ভিড়। জানি না কখন ডাক্তারের সিরিয়াল পাবো, ওষুধ নিয়ে কখন বাড়ি ফিরব। ডাক্তার কম থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। ডাক্তার থাকলে রোগীদের এত সময় কষ্ট হতো না।
হাটু ব্যথা নিয়ে হাসপাতালে আসা আয়েশা বেগম বলেন, ‘হাটু ও মাজা ব্যথা নিয়ে ডাক্তার দেখাতে এসেছি। দুপুর হতে চলল, এখনো ডাক্তার দেখাতে পারিনি। রোগীর দীর্ঘ সিরিয়াল, একজন ডাক্তার রোগী দেখছেন।’
নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ এস এম সায়েম বলেন, ‘রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন হাসপাতালে রোগীদের ইসিজি, আল্ট্রাসনোগ্রাফি, উচ্চ রক্তচাপ, ডেঙ্গুসহ বিভিন্ন রোগ নির্ণয়ের পরীক্ষা করা হচ্ছে।’
এছাড়া নরমাল ডেলিভারি, মাতৃকালীন স্বাস্থ্যসেবা, প্রসূতি মায়ের নিরাপদ প্রসবের জন্য স্বাস্থ্যসেবাসহ নিয়মিত এন্টিনেটাল চেকআপ করা হয়। আগের চেয়ে এখন রোগীরা বেশি স্বাস্থ্যসেবা পাচ্ছেন বলে দাবি করেন তিনি।
নাটোরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ মশিউর রহমান জানান, ‘পর্যাপ্ত জনবল না থাকায় পুরোপুরি ভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, খুব শিগগির জনবল বাড়ানো হবে।’
প্রতিনিধি/এএইচ