জেলা প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম
চট্টগ্রাম নগরীর অন্যতম পাইকারি ও খুচরা বাণিজ্যকেন্দ্র রিয়াজউদ্দিন বাজারে জাকির হোসেন নামে এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে মারধরের পাশাপাশি তার কাছে থাকা পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ব্যবসায়িক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে কোতোয়ালী থানার আওতাধীন রিয়াজউদ্দিন বাজারের তিনপুলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
আহত জাকির হোসেন রিয়াজউদ্দিন বাজারের একজন ব্যবসায়ী। তিনি শ্রমিক দলের সহসভাপতি পদেও রয়েছেন।
জাকির হোসেনের অভিযোগ, স্থানীয় ব্যবসায়ী জসীমউদ্দীন প্রকাশ আরমানের নেতৃত্বে সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ, দিদারুল আলম প্রকাশ কালুদিদার ও আবু সালেহ আবিদ তার ওপর হামলা করেন। এ ঘটনায় আরও ছয় থেকে সাতজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি জড়িত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি। এ সময় তার সঙ্গে থাকা ব্যবসার পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন জাকির।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে হামলার শিকার হন জাকির। তাকে হত্যার উদ্দেশে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় ব্যবসায়ী মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। হামলার খবর ছড়িয়ে পড়ার পর রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা চমেক হাসপাতালে জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ জানান। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারের দাবি জানান তারা।
এ বিষয়ে রিয়াজউদ্দিন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম বলেন, “আমাদের সমিতির সদস্য জাকিরের ওপর হামলার নিন্দা জানাই। সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভুক্তভোগীকে সংগঠনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।”
প্রতিনিধি/এসএস