জেলা প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৬, ১২:২২ পিএম
১৬ জন শিক্ষকের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন মাত্র ৯ জন। তাদের মধ্যে ফেল করেছেন ৮ জন। পাস করেছেন মাত্র একজন। কলেজটির পাসের হার ১১ দশমিক ১১ শতাংশ।
এমন ফলাফল বিপর্যয়ের ঘটনা ঘটেছে নরসিংদীর রায়পুরা উপজেলার মোছলেহ উদ্দিন ভুঁইয়া কলেজে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
জানা গেছে, গত বছরও কলেজটিতে ফলাফল বিপর্যয় হয়েছিল। সে বছর প্রতিষ্ঠানটি থেকে পাঁচজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিলেও পাস করেননি কেউ। ধারাবাহিকভাবে এমন ফলাফলের কারণে প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও পাঠদান কার্যক্রম নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন উঠেছে।
২০১৪ সালে রায়পুরা উপজেলার বেগমাবাদ-তালুককান্দি এলাকায় বীর মুক্তিযোদ্ধা মোছলেহ উদ্দিন ভুঁইয়া নিজের নামে কলেজটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৬ জন শিক্ষক রয়েছেন।
স্থানীয়দের ভাষ্য, কলেজে পড়াশোনার পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসে না। অনেকেই ক্লাসের সময় টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সময় কাটায়। এতে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশের অবনতি ঘটেছে।
ফলাফল বিপর্যয়ের বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রিটন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বছর তাদের প্রতিষ্ঠান থেকে ৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে মাত্র একজন পাস করেছে। ফল বিপর্যয়ের কারণ জানতে চাইলে তিনি বলেন, ভর্তি হওয়ার পর অনেক শিক্ষার্থী বিদেশ চলে যায়। আর যারা থাকে, তাদের অনেকেই নিয়মিত ক্লাসে আসত না। যারা পরীক্ষায় অংশ নিতে চায়, তাদের ফরম পূরণ করিয়ে কোচিং করানোর পর পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
তিনি আরও বলেন, তাদের ধারণা ছিল, ৯ জনের সবাই পাস করবে। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায়, মাত্র একজন পাস করেছে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, কলেজগুলোর ফলাফল শিক্ষা বোর্ড প্রকাশ করে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে বোর্ড সমন্বিতভাবে সিদ্ধান্ত নেবে।
প্রতিনিধি/এসএস