জেলা প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৬, ০৯:১৬ এএম
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফেনী জেলার ৪২টি কলেজ থেকে ১০ হাজার ১৪৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ৯৪০ জন। তবে জেলার দুটি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১০ শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটি হলো ফেনী সদর উপজেলার বীকন মডেল কলেজ এবং বেগম সামছুন্নাহার বালিকা স্কুল অ্যান্ড কলেজ।
এদিকে, এবার ফেনীর কোনো কলেজেই শতভাগ শিক্ষার্থী পাস করেনি। তবে ৮২ শতাংশ পাসের হার নিয়ে জেলার কলেজগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ফেনী সরকারি কলেজ।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বীকন মডেল কলেজ থেকে সাতজন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে বিজ্ঞান বিভাগের তিনজন, মানবিক বিভাগের তিনজন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের একজন ছিল। তবে তাদের কেউই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

অন্যদিকে, বেগম সামছুন্নাহার স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে তিনজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের কেউই পাস করতে পারেনি।
এ বিষয়ে বীকন মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মাসুম বিল্লাহ বলেন, ‘এ বছর আমাদের যারা পরীক্ষায় অংশ নিয়েছে, তারা সবাই অনিয়মিত পরীক্ষার্থী ছিল। আগামী বছর থেকে আশানুরূপ ফলাফল করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।’
বেগম সামছুন্নাহার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এমরানুল হক বলেন, ‘এবার ইংরেজি বিষয়ে আমাদের শিক্ষার্থীরা দুর্বল ছিল। মাঝখানে আমাদের ইংরেজি শিক্ষক ছিলেন না। এ ছাড়া একজন শিক্ষার্থী ফরম পূরণ করেও পরীক্ষায় অংশ নেয়নি। যার কারণে আমাদের ফলাফল খারাপ হয়েছে।’
এ বিষয়ে ফেনী জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ বলেন, ফেনী জেলায় দুটি কলেজে পাসের হার শূন্য। ঠিক কী কারণে এসব প্রতিষ্ঠানে এমন ফল হয়েছে, তা খতিয়ে দেখা হবে।
প্রতিনিধি/এসএস