Dhaka Mail Logo

সারাদেশ

রাজশাহীতে রোলার স্কেটিংয়ে রৌপ্য পদক জিতল গাংনীর আবরার হুরাইরা

জেলা প্রতিনিধি

০১ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ এএম

রাজশাহীতে অনুষ্ঠিত ‘আরএসএ ওপেন রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে রৌপ্য পদক জিতেছে মেহেরপুরের গাংনী উপজেলার আবরার হুরাইরা। সে বগুড়া ক্যান্টনমেন্টের হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজশাহী স্কেটিং একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়। দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চলের ১৫টি ক্লাবের প্রায় ৩০০ জন স্কেটার অংশ নেন। ছেলেদের ও মেয়েদের বয়সভিত্তিক আটটি ক্যাটাগরির ১৩টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বগুড়া দল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এ. এইচ. এম. মহিউদ্দিন এবং বাংলাদেশ অ্যালায়েন্স অব স্কেটার্সের (বিএএস) সভাপতি নওসিফ হোসেন দিপ্র।

a7fb72d4-e325-4860-922f-f22e81e8fab1

প্রতিযোগিতায় রাজশাহী, বগুড়া ক্যান্টনমেন্ট, নাটোর ও নওগাঁ ছাড়াও ঢাকা থেকে গোলাপবাগ, ধূপখোলা, রাসেল স্কেটিং ক্লাব, মতিঝিল স্কেটিং ক্লাব, গুলশান স্কেটিং ক্লাব, নোভা স্কেটিং ক্লাব, প্রগ্রেসিভ স্কেটিং ক্লাব ও ডাইনামিক স্কেটিং ক্লাবসহ বিভিন্ন দল অংশ নেয়।

টুর্নামেন্টটি পরিচালনা করেন বগুড়া রোলার স্কেটিং ক্লাবের কোচ আশরাফুল ইসলাম রহিত ও নওগাঁ স্কেটিং একাডেমির কোচ শাহীদুন নবী। সার্বিক সহযোগিতায় ছিলেন রাজশাহী স্কেটিং একাডেমির কোচ ফুয়াদ হাসান সাকিব ও পরিচালক সাজ্জু হোসেন।

সংশ্লিষ্টদের মতে, এ আন্তঃআঞ্চলিক প্রতিযোগিতার মাধ্যমে তৃণমূল পর্যায়ের নতুন স্কেটাররা প্রতিযোগিতামূলক পরিবেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি বিভিন্ন অঞ্চলের স্কেটারদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক যোগাযোগ এবং নতুন প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মেহেরপুরের তরুণ স্কেটার আবরার হুরাইরার এ সাফল্যে তার নিজ এলাকা গাংনীর মহব্বতপুর গ্রামে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

প্রতিনিধি/এসএস