Dhaka Mail Logo

সারাদেশ

প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি ফেনী গার্লস ক্যাডেট কলেজ

জেলা প্রতিনিধি

০১ নভেম্বর ২০২৬, ০৮:০৬ এএম

বছরের পর বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের ফলাফলে সেরা অবস্থানে থাকা ফেনী গার্লস ক্যাডেট কলেজ এবার প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি। এবারের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৬১ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হলেও জিপিএ-৫ পেয়েছেন ৪৫ জন।

এর আগের বছরগুলোতে এ প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া প্রায় সব শিক্ষার্থীই জিপিএ-৫ অর্জন করে দেশজুড়ে সাফল্যের নজির গড়েছিলেন। তবে এবার সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে এবার বিজ্ঞান বিভাগে ৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪৪ জন। অন্যদিকে, মানবিক বিভাগ থেকে একজন পরীক্ষায় অংশ নিয়ে তিনিও জিপিএ-৫ অর্জন করেছেন।

969e80a7-3027-47b0-b834-f6c5724bfc93

কলেজটির গত চার বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালে ৪৮ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছিলেন। এর আগে ২০২৪ সালে ৫৫ জন, ২০২৩ সালে ৫৭ জন এবং ২০২২ সালে ৫৫ জন পরীক্ষার্থীর সবাই সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করেন।

অর্থাৎ, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা চার বছর শতভাগ জিপিএ-৫ অর্জনের রেকর্ড ছিল প্রতিষ্ঠানটির। তবে এবার সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে।

এদিকে, এবারের এইচএসসি পরীক্ষায় ফেনী জেলার ৪১টি কলেজের শিক্ষার্থীরা ১১টি কেন্দ্রে অংশ নেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছিলেন ৩ হাজার ৮৭২ জন এবং ছাত্রী ৫ হাজার ৫৯৯ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১ হাজার ৬৭৮ জন এবং ছাত্রী ৩ হাজার ২৬২ জন। জেলায় এবার মোট ১৪১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

প্রতিনিধি/এসএস