Dhaka Mail Logo

সারাদেশ

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ, খোঁজ নিলেন প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি

০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ এএম

টাঙ্গাইলে সাড়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যাচেষ্টা ও গুরুতর জখমের ঘটনায় গভীর রাতে হাসপাতালে ছুটে গেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টার দিকে ঢাকা থেকে সরাসরি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং তার মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

প্রতিমন্ত্রী শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন এবং চিকিৎসার সব ব্যয়ভার বহনের দায়িত্ব নেন। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। ঘটনাটি দেখে সবাই মর্মাহত হয়েছেন। এ ধরনের জঘন্য ঘটনা যিনি ঘটিয়েছেন, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে ইতোমধ্যে প্রশাসনের সব পর্যায়ে কথা হয়েছে। এ বিষয়ে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নেব, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না পায়। একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।

শিশুটির চিকিৎসার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “এলাকার সংসদ সদস্য হিসেবে শিশুটির চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার আমি বহন করব। এখানে চিকিৎসা দেওয়া সম্ভব না হলে আগামীকালই তাকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।”

b676aa88-84cc-4cea-b6e3-5c400fb18e55

ঘটনায় অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত বলে শুনেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলকে মাদকমুক্ত করতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শহরকে নিরাপদ রাখা এবং অপরাধ ও মাদক কমানোর চেষ্টা চলছে। এ ক্ষেত্রে আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবু হানিফ, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াস, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান সফিক, সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী এবং জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।

উল্লেখ্য, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের চতুর্থ তলার নির্জন স্থানে শিশুটির ওপর ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। পরিবারের অভিযোগ, এ সময় শিশুটি চিৎকার করে বাধা দিলে অভিযুক্ত বিপ্লব (২২) ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করেন। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে এক রিকশাচালক তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শনিবার রাতে ধর্ষণ, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস