Dhaka Mail Logo

সারাদেশ

খুলনায় ১১ দলের লংমার্চের বহরের সামনে ককটেল বিস্ফোরণ

জেলা প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৩ পিএম

খুলনার ফুলবাড়ীগেট এলাকায় জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর পৌঁছানোর আগে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট শহীদ মিনার সড়কে এ ঘটনা ঘটে।

এতে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনার শিববাড়ী মোড়ে পথসভা শেষে ১১ দলীয় ঐক্যের নেতারা গাড়িবহর নিয়ে ফুলতলার উদ্দেশে রওনা হন। গাড়িবহর ফুলবাড়ীগেট এলাকা অতিক্রম করার সময় শহীদ মিনারের সামনের সড়কে পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় সড়কের দুই পাশে লংমার্চকে স্বাগত জানাতে অপেক্ষমাণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে গাড়িবহর লক্ষ্য করে নয়, ফাঁকা সড়কে বিস্ফোরণটি ঘটেছে। খবর পেয়ে খানজাহান আলী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করে। 

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ফুলবাড়ীগেট শহীদ মিনার সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশ তদন্ত করছে। 

প্রতিনিধি/ এজে