Dhaka Mail Logo

সারাদেশ

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকযাত্রী ও চালক নিহত

জেলা প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৬, ১০:৩২ পিএম

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালকসহ এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় মো. ইউসুফ আলীর ছেলে সোহরাব আলী (৫৫) নামে আরেক যাত্রী গুরুতর আহত হন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় জয়পুরহাট-বগুড়া মহাসড়কে উপজেলার পুনট কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কালাই উপজেলার পুনট ইউনিয়নের আফলাপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে নুরনবী (৬০) এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে ইজিবাইকচালক এনামুল হক (৬০)। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় কাজ শেষে কালাই থেকে ইজিবাইকযোগে বাড়ির দিকে ফিরছিলেন নুরনবী ও সোহরাব আলী। পথে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পুনট কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক ইজিবাইকটিকে পাশ কাটানোর সময় পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের চালক ও যাত্রীরা পাকা সড়কের ওপর ছিটকে পড়েন। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নুরনবী মারা যান। পাশাপাশি ইজিবাইকচালক এনামুলের ডান পা শরীর থেকে আলাদা হয়ে যায় এবং যাত্রী সোহরাব আলী গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইকচালক এনামুল হকেরও মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১ জনের মরদেহ থানায় নিয়ে আসে। চিকিৎসার জন্য দুজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইজিবাইকচালক এনামুল হকেরও মৃত্যু হয়।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি পুলিশি নজরদারিতে খাদেই রয়েছে।

প্রতিনিধি/এলএ