জেলা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পিএম
২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে ঝালকাঠির একটি মাদরাসা ও একটি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। প্রতিষ্ঠান দুটির সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠান দুটি হলো নলছিটির অ্যাডভোকেট হারুন কলেজ ও হাঁড়িখালি দারুল উলুম ফাজিল মাদরাসা।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার বদরুল আমিন।
জেলার নলছিটি উপজেলায় এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) এই তিন বিভাগে মোট ১ হাজার ৩৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৭২ জন। পাসের গড় হার প্রায় ২৭ দশমিক ১৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন মাত্র একজন শিক্ষার্থী।
এইচএসসি পরীক্ষায় উপজেলার সাতটি কলেজ থেকে ১ হাজার ১৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ২৭০ জন। পাসের হার ২৬ দশমিক ৬২ শতাংশ। এ বিভাগে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি। অকৃতকার্য হয়েছেন ৭৮৪ জন।
আলিম পরীক্ষায় উপজেলার আটটি মাদরাসা থেকে ১৯৭ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫৮ জন। পাসের হার ২৯ দশমিক ৪৪ শতাংশ। এ বিভাগে জিপিএ-৫ একজন শিক্ষার্থী।
অন্যদিকে, এইচএসসি (বিএম) পরীক্ষায় উপজেলার চারটি প্রতিষ্ঠানের ১৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৪ জন। পাসের হার ২৮ শতাংশ। এ বিভাগে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।
প্রতিনিধি/ এজে