জেলা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ০৮:২০ পিএম
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৪৮ হাজার ৯ শত ৯৫ কেজি রাসায়নিক পদার্থসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে বারইয়ারহাট পৌরসভার সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।
গ্রেফতার ব্যক্তিরা হলেন যশোর জেলার সদর থানার রামনগর এলাকার মৃত আকবর আলীর ছেলে মো. রায়হান (৫২) ও একই জেলার অবনয়গর থানার পাথালিয়া এলাকার আজহার আলীর ছেলে তাকিবুর রহমান (২৫)। তারা তেলবাহী ট্যাঙ্কারের চালক।
জোরারগঞ্জ থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী অংশের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় চেকপোস্টের দিকে আসা দুইটি তেলবাহী ট্যাঙ্কার (যশোর-ঢ-৪১-০০৭৫ ও যশোর-ঢ-৪১-০০৭৯) আটক করা হয়। পরবর্তীতে তল্লাশী চালিয়ে ৪৮ হাজার ৯ শত ৯৫ কেজি রাসায়নিক পদার্থ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ টাকা।
ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুইটি তেলবাহী ট্যাঙ্কার থেকে ৫০ লক্ষ টাকার রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে এবং গাড়ির চালকদের গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালত প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/ এজে