Dhaka Mail Logo

সারাদেশ

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মাগুরায় দুই শিক্ষার্থীর আত্মহত্যা 

জেলা প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পিএম

মাগুরায় ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মাগুরা সদর উপজেলার আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। পৃথক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত বাপ্পী বিশ্বাস (১৯) সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার শফিকুল বিশ্বাসের ছেলে। তিনি এ বছর শালিখা উপজেলার বুনাগাতী ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শনিবার দুপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে,অনন্যা শিকদার (১৮) একই ইউনিয়নের নতুনগ্রাম এলাকার মৃত অনিল শিকদারের মেয়ে। তিনি কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড উকলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তারও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

একই ইউনিয়নে পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর খবরে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে।

এ বিষয়ে মাগুরা সদর থানা ওসি ফারুক আহমেদ বলেন, তারা দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছেন। স্বজনেরা থানায় অভিযোগ দায়ের করতে এসেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এজে