জেলা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পিএম
‘স্বৈরাচারের দোসররা এখনও ঘাপটি মেরে আছে’ বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
মন্ত্রী বলেন, স্বৈরাচারের কিছু প্রভু বিদেশে আছে। তাদের সেই প্রভুরা তাদের সমর্থন এমনভাবে করে যে জনগণের সমর্থন স্বৈরাচারের বেশি প্রয়োজন হয় না। তাদের প্রশাসনের বিভিন্ন অংশকে এমনভাবে ব্যবহার করে তারা মনে করেছিল, ২০৪১ সাল পর্যন্ত স্বৈরাচারী শাসন অব্যাহত রাখবে। কিন্তু আমরা সব সময় বলতাম, তাদের এই সাজানো সংসার কাঁচের ঘরের মতো ভেঙে পড়বে।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট এ দেশের ছাত্র-জনতা শুধু নয়, সারা দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ হয়ে যে বিস্ফোরণ ঘটিয়েছে, তাতে স্বৈরাচারের সাজানো কাঁচের ঘর ভেঙে পড়ে এবং তারা পালিয়ে যেতে বাধ্য হয়। তারা পালিয়ে গেলে তাদের অতীত থেকে তাদের চরিত্র বদলাবে এই আশা করা ঠিক নয়।
দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক একেএম মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে ও সদস্যসচিব রেজাউর রহমান রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের এমপি আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
প্রতিনিধি/এলএ