জেলা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সরকারের উন্নয়ন জোয়ারে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ভেসে যাবে। দেশপ্রেমিক জনগণই তাদের সকল ষড়যন্ত্রের সমুচিৎ জবাব দিবে।
তিনি বলেন, দেশ দ্রুত উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সেইদিন খুব বেশি দূরে নয়, তারেক রহমানের ডায়নামিক নেতৃত্বে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশ হবে বিশ্বে উন্নয়নের রোল মডেল।
শনিবার (৩১ অক্টোবর) দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের পালপাড়া তিন রাস্তার মোড়ে পালপাড়া-ধনেশ্বর-গবরখোলা সড়ক পাকাকরণ কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড.খন্দকার মারুফ এসব কথা বলেন। মারুকা ইউনিয়ন বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে এলজিইডি এই প্রকল্প বাস্তবায়ন করছে।
ড. খন্দকার মারুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ৮ মাসে দেশ ও জনগণের উন্নয়নে প্রচুরসংখ্যক কাজ করেছেন। রাষ্ট্রের অনেক জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। উন্নয়নের পথে দেশ অনেক দূর এগিয়ে গেছে। এতে দেশের মানুষ আনন্দিত, উচ্ছ্বসিত। বিগত ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, প্রতিহিংসা ও আতঙ্কের রাজনীতির বিপরীতে তারেক রহমানের সুস্থ ধারার উন্নয়নধর্মী রাজনীতিকে জনগণ অত্যন্ত সাদরে গ্রহণ করেছেন।
তিনি বলেন, একটি স্বনির্ভর, সমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর এবং গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। দেশে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠিত হচ্ছে।
খন্দকার মারুফ বলেন, গণঅভ্যুত্থানে বিতাড়িত একটি সংগঠন সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে সহিংসতার হুমকি-ধামকি দিচ্ছে। আইন-শৃঙ্খলা বিরোধী যে কোনো অপতৎপরতা আইনিভাবে শক্তহাতে প্রতিরোধ করা হবে।

তিনি বলেন, অতীতের বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র, আইনের শাসন এবং টেকসই উন্নয়ন সবই বিএনপির অর্জন। প্রতিকূল ও ধ্বংসাত্মক অবস্থা থেকে প্রতিবারই দেশকে উত্তরণ ঘটিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া এবং বেগম খালেদা জিয়ার সরকার। ২৪-এর জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৬ বছর আন্দোলনেরই ফসল।
ড. মারুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ়তা, মানবিকতা,সততা ও দেশপ্রেম জনগণের স্বপ্ন পূরণের এক নিয়ামক শক্তি। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সুস্থ ধারার রাজনীতি, গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কোন অপশক্তি দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে পারবে না।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম। মারুকা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম মিয়াজির সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো.মহসীন গাজী।
উপস্থিত ছিলেন- দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া ও দাউদকান্দি উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রোমান খন্দকার প্রমুখ।
এলএ