Dhaka Mail Logo

সারাদেশ

জাটকা রক্ষায় ৮ মাসের নিষেধাজ্ঞা, পটুয়াখালীতে চোখে পড়েনি নিষেধাজ্ঞা

জেলা প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৬, ০৭:০১ পিএম

দেশের ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই মৎস্যসম্পদ গড়ে তোলার লক্ষ্যে শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা (১০ ইঞ্চির কম বয়সী ইলিশ) শিকারে ৮ মাসের দীর্ঘ নিষেধাজ্ঞা চালু হচ্ছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত দেশের নদী ও সামুদ্রিক জলসীমায় ১০ ইঞ্চির চেয়ে ছোট জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময় এবং মজুত সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে অপরাধীকে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড, অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে।

এদিকে, পটুয়াখালীতে জাটকা সুরক্ষায় এখন পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান বা ব্যাপক কোনো প্রচারাভিযান চোখে পড়েনি। 

তবে জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা বাস্তবায়নে পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য দপ্তর, কোস্টগার্ড এবং নৌ-পুলিশের যৌথ সমন্বয়ে সাগর ও নদীতে সার্বক্ষণিক নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

জাটকা সংরক্ষণের এই অবরোধকালে জেলেদের জীবিকা নির্বাহের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা হয়েছে। 

পটুয়াখালী জেলার তালিকাভুক্ত ও নিবন্ধিত ৭৯ হাজার জেলেকে ৪ মাসব্যাপী ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেওয়া হবে।

প্রতিনিধি/এলএ