জেলা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলাভিত্তিক পাসের হারে বড় ব্যবধান ও চরম বিপর্যয় দেখা গেছে। জেলায় গড় পাসের হার অর্ধেকেরও কম মাত্র ৪৬ দশমিক ৭৭ শতাংশ। ফলাফলের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা। আর মাত্র ২৯ দশমিক ৯৬ শতাংশ পাস নিয়ে তালিকার একেবারে তলানিতে রয়েছে কসবা উপজেলা। দুই উপজেলার পাসের হারের ব্যবধান প্রায় ৪০ শতাংশ।
চলতি বছর জেলায় মোট ১১ হাজার ৫৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৫ হাজার ৭৯১ জন এবং ফেল করেছে ৫ হাজার ৭৭৩ জন শিক্ষার্থী। পুরো জেলায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ১৩৩ জন। জিপিএ-৫ প্রাপ্তিতেও একক আধিপত্য দেখিয়েছে জেলা সদর। মোট ১৩৩টি জিপিএ-৫ এর মধ্যে ৯৭ জনই সদর উপজেলার শিক্ষার্থী। দ্বিতীয় সর্বোচ্চ ১০টি জিপিএ-৫ এসেছে নবীনগর উপজেলা থেকে।
উপজেলাভিত্তিক ফলাফলের শীর্ষে থাকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৩ হাজার ৯৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৭৫৬ জন। সদরে পাসের হার ৬৯ দশমিক ৭০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা আশুগঞ্জ উপজেলায় ৫৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৭৪ জন। যেখানে পাসের হার ৬৫ দশমিক ১৬ শতাংশ। আখাউড়া উপজেলায় ৬০০ পরীক্ষার্থীর মধ্যে ৩৫৪ জন পাস করেছে। পাসের হার ৫৯ শতাংশ। নাসিরনগরে ৫৪৮ জনের মধ্যে পাস করেছে ২৭০ জন। পাসের হার ৪৭ শতাংশ। আর বিজয়নগরে ৬৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৭ জন পাস করায় পাসের হার দাঁড়িয়েছে ৪১ দশমিক ১৪ শতাংশে।
অন্যদিকে ফলাফলে মারাত্মক বিপর্যয় ঘটেছে সরাইল, নবীনগর, বাঞ্ছারামপুর ও কসবা উপজেলায়। এই চার উপজেলায় ফেলের হার পাসের চেয়ে অনেক বেশি। সরাইলে পাসের হার ৩৭ দশমিক ৩২ শতাংশ, নবীনগরে ৩৬ দশমিক ৯৪ শতাংশ এবং বাঞ্ছারামপুরে ৩৪ দশমিক ৭৪ শতাংশ। তবে সবচেয়ে হতাশাজনক ফলাফল এসেছে কসবা উপজেলায়। যেখানে পাসের হার মাত্র ২৯ দশমিক ৯৬ শতাংশ।
প্রতিনিধি/ এজে