জেলা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ০৬:২০ পিএম
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটির মোট ৯ জন পরীক্ষার্থী অংশ নিলেও উত্তীর্ণ হতে পারেনি একজনও। শূন্য পাস করা উভয় প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই মানবিক বিভাগের শিক্ষার্থী।
প্রতিষ্ঠান দুটি হলো বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ ও জিনদপুর স্কুল অ্যান্ড কলেজ। এর মধ্যে বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন এবং জিনদপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন পরীক্ষায় অংশ নেন। উভয় প্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ।
এদিকে উপজেলার সামগ্রিক ফলাফলও হতাশাজনক। এবার এইচএসসি পরীক্ষায় উপজেলার ১ হাজার ৭৬১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন মাত্র ৬৫৮ জন। অকৃতকার্য হয়েছেন ১ হাজার ১০৩ জন। পাসের হার ৩৬.১৪ শতাংশ। তবে জিপিএ-৫ পেয়েছেন ১০ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে নবীনগর সরকারি কলেজে ৪২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৮৩ জন। পাসের হার ৪২.৮৬ শতাংশ। নবীনগর মহিলা ডিগ্রি কলেজে ১৭২ জনের মধ্যে ৫৪ জন (৩১.৪০ শতাংশ), সলিমগঞ্জ ডিগ্রি কলেজে ৩০১ জনের মধ্যে ৭৩ জন (২৪.২৫ শতাংশ), সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে ১৬৬ জনের মধ্যে ৬৬ জন (৩৯.৭৫ শতাংশ), আলীমউদ্দিন জোবেদা কলেজে ৮২ জনের মধ্যে ২১ জন (২৫.৬১ শতাংশ) এবং ব্যারিস্টার জাকির আহমেদ কলেজে ৩৭৭ জনের মধ্যে ১৪৮ জন (৩৯.২৬ শতাংশ) উত্তীর্ণ হয়েছেন।
এ ছাড়া শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে ১২৪ জনের মধ্যে ৩৯ জন (৩১.৪০ শতাংশ), বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য কলেজে ১২১ জনের মধ্যে ৬৭ জন (৫৫.৩৭ শতাংশ) এবং রাবেয়া মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে দুজনের মধ্যে একজন পাস করেছেন। প্রতিষ্ঠানটির পাসের হার ৫০ শতাংশ।
অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় উপজেলায় ১৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৬ জন। পাসের হার ৪২.৯৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন চারজন।
অপরদিকে, এইচএসসি (বিএম) পরীক্ষায় ৪১ জনের মধ্যে ৩৬ জন উত্তীর্ণ হয়েছেন। এ বিভাগে পাসের হার ৮৭.৮০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন তিনজন।
প্রতিনিধি/ এজে