জেলা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পিএম
লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নিতাই রায় বলেন, ‘লংমার্চের ইতিহাস হচ্ছে- পায়ে হেঁটে করতে হয়। কিন্তু তারা যেটা করছে, সেটাকে গাড়িমার্চ বলে। এই গাড়িমার্চের মাধ্যমেই তারা তাদের কথা বলবে, মানুষ শুনবে। এগুলো নিয়ে আমাদের মন্তব্য নেই। এটি তাদের ব্যাপার।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই, একটা দেশে যাদের রাজনীতি করার অধিকার আছে, তারা রাজনীতি করুক।’
এর আগে মতবিনিময় সভায় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী। এ সময় মাদক ও চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং আত্মহত্যার প্রবণতা রোধে করণীয় নিয়ে আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিনিধি/এএইচ