জেলা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২৬, ০৩:০২ পিএম
বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ছয় জেলার মধ্যে পাসের হারে সর্বনিম্ন অবস্থানে রয়েছে ঝালকাঠি। এ জেলায় পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাস করেছেন মাত্র ৩৭ দশমিক ০৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন।
শনিবার (৩১ অক্টোবর) বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত জেলা-ভিত্তিক ফলাফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর ঝালকাঠি জেলায় এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৪ হাজার ৬৯৯ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৪ হাজার ৪৫৭ জন। অনুপস্থিত ছিলেন ২৪২ জন। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৬৫৩ জন। তাদের মধ্যে ছেলে ৪৯৮ জন এবং মেয়ে ১ হাজার ১৫৫ জন।
জিপিএ-৫ পাওয়া ৩৮ শিক্ষার্থীর মধ্যে ছয়জন ছেলে এবং ৩২ জন মেয়ে।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, পাসের হার পিরোজপুরে ৫১ দশমিক ৫৫ শতাংশ, বরিশালে ৪৯ দশমিক ৯৫ শতাংশ, বরগুনায় ৪৪ দশমিক ৬৬ শতাংশ, ভোলায় ৩৯ দশমিক ৫৪ শতাংশ, পটুয়াখালীতে ৩৮ দশমিক ৫১ শতাংশ এবং ঝালকাঠিতে ৩৭ দশমিক ০৯ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী, পটুয়াখালীর তুলনায় ঝালকাঠির পাসের হার ১ দশমিক ৪২ শতাংশীয় পয়েন্ট এবং ভোলার তুলনায় ২ দশমিক ৪৫ শতাংশীয় পয়েন্ট কম।
এ বছর ঝালকাঠি জেলার ৩১টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেন। অন্যদিকে, পুরো বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ৩৫০টি কলেজের ১ লাখ ৬ হাজার ৬৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৯৮ হাজার ৪১২ জন।
প্রতিনিধি/এসএস