Dhaka Mail Logo

সারাদেশ

পাসের হারে কুমিল্লা বোর্ডে দ্বিতীয় ফেনী, জিপিএ-৫ পেয়েছেন ১৪১ জন

জেলা প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৬, ০১:৪২ পিএম

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার মধ্যে পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফেনী। জেলায় এবার পাসের হার ৫২ দশমিক ১৬ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ৯ হাজার ৪৭১ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৯৪০ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৪১ জন।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে ফলাফলসংক্রান্ত এসব তথ্য জানান বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ফেনী জেলার ৪১টি কলেজের শিক্ষার্থীরা ১১টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৮৭২ জন এবং ছাত্রী ৫ হাজার ৫৯৯ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১ হাজার ৬৭৮ জন এবং ছাত্রী ৩ হাজার ২৬২ জন।

ফলাফলে ছাত্রীদের পাসের হার ৫৮ দশমিক ২৬ শতাংশ। অন্যদিকে, ছাত্রদের পাসের হার ৪৩ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ, পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা ১৪ দশমিক ৯২ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন।

আরও পড়ুন

কুমিল্লা বোর্ডে পাসের হার কমেছে, জিপিএ-৫ পেয়েছেন ১,৩১৩ জন

বোর্ড সূত্রে জানা যায়, পাসের হারে ফেনীর ওপরে রয়েছে শুধু কুমিল্লা জেলা। সেখানে পাসের হার ৫৩ দশমিক ৫২ শতাংশ। অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ দশমিক ১৫, চাঁদপুরে ৪৫ দশমিক ৩৫, লক্ষ্মীপুরে ৪১ দশমিক ২৯ এবং নোয়াখালীতে ৩৮ দশমিক ৯০ শতাংশ।

কুমিল্লা শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে এবার পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। বোর্ডের অধীন ১৯৩টি কেন্দ্রে ৪৫৬টি কলেজের মোট ৯২ হাজার ১৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪৪ হাজার ২৭২ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৩১৩ জন।

গত বছরের তুলনায় এবার বোর্ডে পাসের হার কিছুটা কমেছে। ২০২৫ সালে পাসের হার ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। সে বছর জিপিএ-৫ পেয়েছিলেন ২ হাজার ৭০৭ জন।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, ইংরেজি ও উচ্চতর গণিতে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় এবার সামগ্রিক ফলাফলে এর প্রভাব পড়েছে।

প্রতিনিধি/এসএস