Dhaka Mail Logo

সারাদেশ

গণভোটের রায় মানতে হবে, অন্যথায় আন্দোলন চলবে: জামায়াত আমির

জেলা প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৬, ১২:১৪ পিএম

গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘জনগণ ভোট দিয়ে যে রায় দিয়েছে, সরকার তা মানছে না। বরং জনগণকে অপমান ও প্রতারণা করছে। এসব মেনে নেওয়া হবে না।’

শনিবার (৩১ অক্টোবর) সকালে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ ভোট দিয়েছে, সরকার সেই রায় মানে না। জনগণকে অপমান করছে সরকার। জনগণের সঙ্গে প্রতারণা করছে, ধোঁকা দিচ্ছে এবং মিথ্যাচার করছে। আমরা এসব মেনে নেব না।

সাত দফা দাবি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করে জামায়াত আমির বলেন, ‘আমরা কথা দিচ্ছি, জনগণ আমাদের সঙ্গে থাকলে এই সাত দফা দাবি বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ। সাত দফার প্রথম দফা হচ্ছে গণভোটের গণরায় বাস্তবায়ন।’

jamat amirসরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা মানব না, এই জাতি মানবে না। এই জাতি খালি হাতে বুকে গুলি নিয়েছে। সেই জাতি কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। আপনারা শক্ত থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের দাবি আদায় হবে, ইনশাআল্লাহ।’ দাবি আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

পথসভায় আরও বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা।

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধ করার দাবিতে লংমার্চ করছে ১১ দলীয় জোট। এসব দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করছে তারা।

প্রতিনিধি/এমআর