Dhaka Mail Logo

সারাদেশ

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন

জেলা প্রতিনিধি

৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ এএম

মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে বৈদ্যুতিক টিউবলাইটে শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে হাসপাতালের সাততলা নতুন ভবনের পঞ্চম তলায় ৫ নম্বর শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আগুন লাগার খবরে ওয়ার্ডে থাকা শিশু রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা নিরাপদে ওয়ার্ড থেকে নিচে নেমে আসেন।

ফায়ার সার্ভিস জানায়, আগুন একটি বৈদ্যুতিক টিউবলাইটের মধ্যেই সীমাবদ্ধ ছিল। অন্য কোথাও তা ছড়িয়ে পড়েনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

2aa291cc-6a49-4045-92cc-e6dd201f138b

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম। তিনি জানান, রাত ৭টা ১৫ মিনিটে ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে হাসপাতালে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাসপাতালের পঞ্চম তলায় ৫ নম্বর শিশু ওয়ার্ডের একটি বৈদ্যুতিক টিউবলাইটে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নির্বাপণ করা হয়।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার রাতে তোলা ছবি।

প্রতিনিধি/এসএস