Dhaka Mail Logo

সারাদেশ

হাতিয়ায় পুলিশ হেফাজত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

জেলা প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পিএম

নোয়াখালী হাতিয়ায় পুলিশ হেফাজত থেকে হত্যা মামলার আসামিকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

শুক্রবার সন্ধ্যায় উপজেলার রামচরণ বাজারে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে সুখচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালালেও ছিনিয়ে নেওয়া আসামিকে ধরা যায়নি।

ছিনিয়ে নেওয়া আসামি হলেন- উপজেলার সুখচর ইউনিয়নের চরআমান উল্যা গ্রামের মৃত ছায়েদল হকের ছেলে নিজাম উদ্দিন (৫৫)। তিনি ২০২৫ সালে হাতিয়া থানার একটি হত্যা মামলার তিন নম্বর আসামি। এছাড়া তার বিরুদ্ধে থানায় আরো কয়েকটি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় হাতিয়া থানার এসআই বারিসহ কয়েকজন পুলিশ সদস্য তাকে আটক করতে রামচরন বাজার যান। তারা তাকে এনসিপি অফিসের সামনে থেকে আটক করে নিয়ে আসার সময় তার স্বজনরা গতিরোধ করে। এক পর্যায়ে তারা পুলিশ সদস্যদের কাছ থেকে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেন।

এ ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম গিয়ে রামচরণ বাজার উপস্থিত হয়। পরে পুলিশের সদস্যরা পালিয়ে যাওয়া আসামির সন্ধানে সুখচর ইউনিয়নের বিভিন্ন জায়গায় অভিযান করে। কিন্তু তাকে আটক করতে পারেনি।

স্থানীয়রা জানায়, পালিয়ে যাওয়া আসামি নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নরে বর্তমান ইউপি সদস্য। তিনি এক সময় আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে এনসিপির সক্রিয় নেতা।

হাতিয়া থানার ওসি মোহাম্মদ কবির হোসেন বলেন, পুলিশ তাকে গ্রেফতারের পরপরই উৎসুখ জনতা ভিড় করে। এ সুযোগে সে পালিয়ে যায়। তবে তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

প্রতিনিধি/এলএ