জেলা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পিএম
‘অসহায় ও দুস্থ মানুষের কাছে চিকিৎসা সহায়তা ও উন্নয়ন কার্যক্রম পৌঁছে দিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে’ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ ভবনে ক্যানসার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে চিকিৎসা সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। বিশেষ করে ক্যানসার, কিডনি ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য সহায়তা কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, জটিল রোগে আক্রান্ত আরও কেউ যদি চিকিৎসা সহায়তার বাইরে থাকেন, তারা আবেদন করলে আমার জায়গা থেকে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের প্রতি আমাদের অঙ্গীকার রয়েছে। আমরা জনগণের কল্যাণে কাজ করছি, ভবিষ্যতেও কাজ করে যাব।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার পরিধি বাড়ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়া হচ্ছে। পাশাপাশি এলাকার উন্নয়নেও কাজ চলছে। তৃণমূল পর্যায়ের মানুষের কাছে কীভাবে সহযোগিতা পৌঁছে দেওয়া যায়, সে অনুযায়ী সরকার সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছে।
তিনি আরও বলেন, উন্নয়ন ও আর্থিক সহায়তার পরিমাণ বাড়ছে। গত দুর্গাপূজাতেও প্রধানমন্ত্রী বেশি পরিমাণে অনুদান দিয়েছেন। ভবিষ্যতে এসব সহায়তার পরিমাণ আরও বাড়বে। জনগণের পাশে সরকার সব সময় আছে এবং থাকবে।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়ার সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও সফিকুর রহমান সফিক, টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল্লাহ আল কাফি শাহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এলএ