জেলা প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম
সিরাজগঞ্জ মহাসড়কে পুলিশভ্যানের সামনে যুবলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের আরও তিন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মিছিলে অংশগ্রহণকারী ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গভীর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে মো. হাবিবুর রহমানের ছেলে যুবলীগ কর্মী মোহাম্মদ রবিউল ইসলাম (৩১), পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার শরিফুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী মো. আশরাফুল ইসলাম সোহাগ (২৮) ও রানীগ্রাম মধ্যপাড়া মহল্লার মোহাম্মদ আলমগীর হোসেনের ছেলে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সাজু (১৭)।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো. রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে।
‘তারা তিনজনই বুধবার ভোরে মহাসড়কের ওই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।’
ওসি আরও বলেন, আটক দুই যুবলীগ নেতাকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় ও ছাত্রলীগ নেতা সাজুকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে, গত বুধবার (২৮ অক্টোবর) ভোরে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এলাকায় পুলিশের ভ্যানের সামনে বিক্ষোভ মিছিল করে যুবলীগ।
ওইদিন অভিযান চালিয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি লিটন শেখ, ছাত্রলীগ কর্মী আগুন শেখ, যুবলীগ কর্মী চান শেখ ও সয়দাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আরমানকে গ্রেফতার করা হয়।
এদিকে পুলিশ ভ্যানের সামনে নিষিদ্ধ সংগঠন বিক্ষোভ মিছিল করায় একজন এএসআই ও ৩ কনস্টেবলকে প্রত্যাহার করে নেওয়া হয়।
প্রতিনিধি/এএম