Dhaka Mail Logo

সারাদেশ

যমুনায় নিখোঁজের ৩ দিন পর বলগেটচালকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পিএম

নিখোঁজের তিন দিন পর সিরাজগঞ্জের যমুনা নদী থেকে সবুজ (২৫) নামে এক বলগেডচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ২টার দিকে সদর উপজেলার ক্রসবার-৪ এলাকায় নদীর তীরে মরদেহটি ভেসে ওঠে।

নিহত সবুজ নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর হাসাইল (ভূয়াহাট বাজার) গ্রামের খোকন আলীর ছেলে। তিনি বালুবাহী বলগেটের চালক ছিলেন।

নিহতের বাবা মো. খোকন আলী জানান, গত বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে যমুনা নদীতে বালুবাহী বলগেটে অবস্থানকালে বৈরী আবহাওয়ার কারণে হঠাৎ ঝড়ো বাতাস শুরু হয়। এ সময় সবুজ নদীতে পড়ে নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

নিখোঁজের তিন দিন পর দুপুর ২টার দিকে ক্রসবার-৪ এলাকায় যমুনা নদীতে মরদেহটি ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মরদেহটি নদীর তীরের কাছে নিয়ে আসেন। খবর পেয়ে সেখানে গিয়ে বাবা খোকন আলী মরদেহটি তার ছেলে সবুজের বলে শনাক্ত করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, এ বিষয়ে তারা আগে অবগত ছিলেন না। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ